ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) সংসদীয় আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার বিচারপতি মো. জাকির হোসেনের নির্বাচনী ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। ওই আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডলের করা আবেদনের শুনানির পর এ নির্দেশ দেওয়া হয়।
আদেশের বিষয়টি টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেন আইনজীবী খন্দকার হাসানুল আলম। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী মোস্তাক ও খন্দকার হাসানুল আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করেন বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। ওই আবেদনের শুনানি শেষে আদালত সংশ্লিষ্ট আসনের ভোট পুনর্গণনার নির্দেশ দেন।


