দেশের স্নাতক পর্যায়ের প্রতিষ্ঠানগুলো থেকে সরকার বাংলা, ইতিহাস, দর্শনসহ ছয়টি বিষয় বাদ দিচ্ছে- এ ধরনের একটি খবর ছড়িয়ে পড়েছে অনলাইনে। তবে বিষয়টিকে গুজব বলে অভিহিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এছাড়াও মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বলা হয়েছে, কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো সিদ্ধান্ত নেই।
এ ধরনের একটি খবর ছড়িয়ে পড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘যিনি এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছেন, তিনিই ভালো বলতে পারবেন। এ ধরনের একটি সংবাদ প্রকাশ হওয়ার পর তা সবখানে ছড়িয়ে পড়েছে।’
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘মন্ত্রণালয়ের এক সভায় একজন কর্মকর্তা এরকম একটি বিষয় নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করেছিলেন। তবে এটি তো মন্ত্রণালয় থেকে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। আলোচনার টেবিলে অনেক বিষয়ে অনেক কথা হয়।’
মন্ত্রণলায় সূত্র জানায়, বেসরকারি পর্যায়ের দুর্বল প্রতিষ্ঠানগুলোতে নতুন করে কোনো কোর্স খোলার অনুমোদন না দেওয়া এবং কোনো কোর্সে পর্যাপ্ত শিক্ষক-শিক্ষার্থী না থাকলে ও পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে সেসব কোর্স বন্ধ করে দেওয়ার বিষয়ে আলোচনা দীর্ঘদিন থেকেই চলছে। এই বিষয়গুলোকে কীভাবে টুইস্ট করা হয়েছে সে বিষয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নাই।


