বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক পদত্যাগ করেছেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর, বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে তার পদে থাকা নিয়ে আপত্তি ওঠে, যার প্রেক্ষিতে তাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে বদলি করে রাজশাহী অফিসে পাঠানো হয়।
মঙ্গলবার ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দেয়ার মাধ্যমে তিনি তার চাকরি শেষ করেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান মুখপাত্র আরিফ হোসেন খান মঙ্গলবার বিকালে সাংবাদিকদের বলেন, ‘মেজবাউল হক ব্যক্তিগত কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’
আওয়ামী লীগ সরকারের পতনের পর, বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান এবং নীতি উপদেষ্টাসহ একাধিক কর্মকর্তা চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।
২০২৪ সালের ৫ আগস্টের পর, তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদারকে আর প্রকাশ্যে দেখা যায়নি। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার নতুন গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়।
জানা যায়, মেজবাউল হক ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান এবং একই দিনে তাকে মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়। দীর্ঘদিন তিনি বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্ব পালন করেন এবং আওয়ামী লীগ সরকারের সময়ে ডিজিটাল লেনদেন সম্পর্কিত বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।


