রাজধানীর জুরাইন রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী পথচারী মো. আবু জাফর জানান, বিকালে জুরাইন রেলগেটের পাশের রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে প্রথমে আদ্ব–দীন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, নিহত ব্যক্তির পরনে কালো রঙের পাঞ্জাবি ও সাদা চেক লুঙ্গি ছিল।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্তের জন্য ঢাকা রেলওয়ে থানায় জানানো হয়েছে।


