বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা দেবে মালয়েশিয়া

বাংলাদেশি শিক্ষার্থীদের ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা দেবে মালয়েশিয়া
কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক। ছবি: প্রধান উপদেষ্টা কার্যালয়
Advertisement
Advertisement

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ‘গ্র্যাজুয়েট প্লাস’ ভিসা চালু করতে পারে মালয়েশিয়া। এতে সে দেশে হাজারও শিক্ষার্থীর উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বার্তা সংস্থা বাসস জানায়, কুয়ালালামপুরে ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ায় দেশটির উচ্চশিক্ষা মন্ত্রী জাম্ব্রি আবদুল কাদিরের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের কর্মসংস্থান তৈরির বিষয়টি উত্থাপন করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘মালয়েশিয়ার মন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। নীতিগতভাবে তিনি মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য “গ্র্যাজুয়েট প্লাস” ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।’

তিনি জানান, বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। অন্য দেশের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এবং উচ্চশিক্ষা শেষে দেশটির শ্রমবাজারে প্রবেশের সুযোগ পায়। তবে বাংলাদেশি শিক্ষার্থীরা এ সুযোগ থেকে বঞ্চিত ছিল।

এর আগে বুধবার, মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রী ফাদলিনা বিনতি সিদেক কুয়ালালামপুরের একটি হোটেলে মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় ও কলেজে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি বাড়ানোসহ শিক্ষায় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক ‘বিনিময় কর্মসূচি’ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো যেন বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের ডিগ্রির আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়, সে বিষয়েও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

দুই দেশের শিক্ষা ব্যবস্থায় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ফাদলিনা বিনতি সিদেককে ঢাকা সফরের আমন্ত্রণও জানান মুহাম্মদ ইউনূস।

 

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad