বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের মানুষের জন্য ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফক্স নিউজ ডিজিটাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশ দেখেছে, যেখানে কনস্যুলার অফিসগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন তারা বিদ্যমান আইনের অধীনের ভিসাগুলো প্রত্যাখ্যান করে এবং স্ক্রিনিং ও যাচাইয়ের কাজ পুনর্মূল্যায়ন করে।
যেসব আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য ‘বোঝা’ বা সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হতে পারেন বলে মনে করা হচ্ছে, তাদের রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে ফক্স নিউজ।
এসব দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন ইত্যাদি।
আগামী ২১ জানুয়ারি থেকে ইমিগ্র্যান্ট ভিসায় এই স্থগিতাদেশ শুরু হবে এবং অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে।
কনস্যুলার অফিসারদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীর স্বাস্থ্য, বয়স, ইংরেজি দক্ষতা, আর্থিক অবস্থা এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের মতো বিষয়গুলো বিবেচনা করে যদি মনে হয় তারা সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তবে তাদের ভিসা বাতিল করা হবে। এমনকি বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারী এবং যারা অতীতে সরকারি নগদ সহায়তা নিয়েছেন, তাদেরও ভিসা প্রত্যাখ্যান করা হতে পারে।
স্থগিতাদেশের তালিকায় থাকা ৭৫ দেশ
আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, বার্বাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, রিপাবলিক অব কঙ্গো, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।


