বরিশালে বাবু শিকদার (৩০) নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। শুক্রবার ভোরে নগরীর ৫ নং ওয়ার্ডের পলাশপুর তিন রাস্তার মোড়ে তাকে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের শিকার বাবু সিকদার ওই এলাকার কালাম শিকদারের ছেলে।
চাঁদা দিতে রাজি না হওয়ায় পলাশপুরের চিহ্নিত কিশোর গ্যাং নিয়ন্ত্রক মধু ওরফে টোকাই মধুর নেতৃত্বে বাবুকে কুপিয়ে হত্যা করা হয় বলে দাবি করেছেন তার ভাই নাঈম হোসেন।
এ সময় স্থানীয়রা ওই গ্যাং সদস্য শহীদ ওরফে কালা শহীদ ও মটু সিয়ামকে আটক করে কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
বাবু শিকদারের ভাই নাঈম জানান, টোকাই মধু তার ভাইয়ের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় ফজর নামাজের আগে পলাশপুর তিন রাস্তার মোড়ে টোকাই মধুর নেতৃত্বে তার ওপরে হামলা করা হয়।
তিনি অভিযোগ করেন, ওই হামলায় ছিলেন মধুর গ্যাংয়ের সদস্য ভাটি খানার হাতকাটা রেদওয়ান, তালতলী মাছ বাজারের রুবেল ওরফে খাটো রুবেল, ফকির রাজু, সাজ্জাদ ও সৈকত।
এ সময় টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরে বাবু শিকদারকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, কিশোর গ্যাংয়ের হামলায় এ ঘটনা ঘটেছে। তবে নেপথ্যে মাদক রয়েছে। আমরা দুইজনকে আটক করেছি।
তিনি জানান, বাকিদের আটকের জন্য অভিযান চলছে। মরদেহ ময়নতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


