প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তিনি বলেছেন, ‘তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সবার সঙ্গে থাকেন। সবার সঙ্গেই মিশে থাকেন।
শুক্রবার দুপুরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে বিভাগে স্থাপিত ‘আইএসপিএবি-নিক্স আঞ্চলিক রাজশাহী পপ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, অনেক আগে থেকে রাজশাহী মহানগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে আরও সুন্দর এবং পরিচ্ছন্ন হবে। এই নগরীতে মানুষ নিরাপদে চলাফেরা করতে পারে। যদিও কিছু কিছু সময় অন্যান্য নগরীর মতো সমস্যা তৈরি হয়। তবে তারা অপরাধ করে পার পায় না, তাদের ধরে ফেলা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক শফিউল আজম পারভেজ।
আইএসপিএবির রাজশাহী সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহসভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।
অনুষ্ঠানে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকসহ আইএসপিএবির নেতারা, তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, রাজশাহী বিভাগে নিক্স স্থাপনের ফলে এ অঞ্চলের ইন্টারনেট সেবার মান, গতি ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে। এর মাধ্যমে স্থানীয়ভাবে ডাটা আদান-প্রদান সহজ হবে, লেটেন্সি কমবে এবং ব্যবহারকারীরা আরো দ্রুত ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পাবেন।
এটি স্থানীয় আইএসপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ বৃদ্ধি করবে এবং ব্যান্ডউইথ ব্যবস্থাপনাকে আরও কার্যকর করবে। নিক্স চালুর ফলে অনলাইন শিক্ষা, ফ্রিল্যান্সিং, ই-গভর্ন্যান্স, ব্যবসা-বাণিজ্য ও ডিজিটাল সেবাখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি নির্ভর উন্নয়নে রাজশাহী বিভাগ আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন তারা।


