আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক টিম সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার দুপুরে টাঙ্গাইল শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসবের অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের নিয়ে যানজটমুক্ত মহাসড়ক নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এ ছাড়া, কোথায় কোথায় কোরবানির পশুর হাট বসবে সে বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় নির্দেশনা দেবে।’
‘যমুনা সেতু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঈদের সময় উত্তর বঙ্গগামী যাত্রীদের অন্যতম প্রধান রুট হওয়ায় প্রতি বছর সেখানে অতিরিক্ত যানবাহনের চাপ সৃষ্টি হয়।’
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে আগাম প্রস্ততি নেওয়া হচ্ছে । বিশেষ করে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়কে বিশেষ নজরদারি রাখা হবে বলে জানান তিনি।
এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক আজিম উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন।


