বরিশালের মুলাদী উপজেলায় ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই মারামারির ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্র শিবিরের ২০ জন এবং ছাত্রদলের পাঁচজন সদস্য রয়েছেন।
ছাত্র শিবিরের সদস্যরা জানান, আগামী ২৩ সেপ্টেম্বর কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামায়াত-শিবিরকে ‘রাজাকার’ এবং ‘এ মুহূর্তে বাংলা ছাড়’ স্লোগান দিয়ে হামলা চালায় ছাত্রদলের স্থানীয় আহ্বায়ক মহিউদ্দিন ঢালীর নেতৃত্বে কিছু ছাত্রদল কর্মী।
আহত শিবির কর্মীদের মধ্যে ছয়জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী অভিযোগ অস্বীকার করে জানান, শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয় এবং মারধর করে। আহত ছাত্রদল নেতারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশের অনুষ্ঠানে ছাত্রদলের কয়েকজন নেতা মঞ্চে থাকার কারণে ছাত্রশিবির ক্ষোভ প্রকাশ করে। এর পরিপ্রেক্ষিতে সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ দ্রুত উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত করতে সক্ষম হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে, যোগ করেন তিনি।


