ঢাকার বনশ্রীতে ট্রাকের ধাক্কায় বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশু নিহত হয়েছে। তার নাম আরাফ আফতাহী (৮)।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইঞ্জিনিয়ার আজহারুল ইসলাম জানান, তাদের বাসা বনশ্রী জি ব্লকে। বাসার বিপরীত পাশে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের একটি স্কুলে আরাফ পড়ে। সকালে তাদের বাসার আয়া সোনিয়া তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুত গতির ট্রাক তাকে ধাক্কা দেয়।
খবর পেয়ে আরাফকে উদ্ধার করে ফরাজি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান আজহারুল ইসলাম।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


