বড়দিন উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে ‘সাংস্কৃতিক সন্ধ্যা’। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার অগ্রযাত্রায় ঈদ, বৌদ্ধ পূর্ণিমা, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক আয়োজনের ধারাবাহিকতায় এ আয়োজন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পকলা। একাডেমির নন্দনমঞ্চে এটি অনুষ্ঠিত হবে।
বড়দিনের শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তায় আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াসে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় থাকছে সংগীত, ক্যারল সং ও কীর্তণ পরিবেশনা। আয়োজনটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ঈদ উল ফিতর উপলক্ষে গেল ৩০ মার্চ নন্দনমঞ্চে চাঁদরাতের আনন্দ অনুষ্ঠান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে ১০ মে নন্দনমঞ্চসহ ৬টি জেলায় সাংস্কৃতিক উৎসব, ঈদ উল আযহা উপলক্ষে ৬ জুন আনন্দ উৎসব এবং শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ও ১ অক্টোবর নন্দনমঞ্চে ২ দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হয়।


