শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত এই দুটি আসনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসার মনোনয়নপত্র বাছাই করবেন আগামী ৫ মার্চ পর্যন্ত। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং ১১ মার্চ মনোনয়নপত্র বিষয়ক আপিল নিষ্পত্তি করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ১৫ মার্চ।
এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ সংসদীয় আসনের সাধারণ নির্বাচন এবং শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠানে আলাদা প্রজ্ঞাপন জারি করে ইসি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত বছরের ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী সময়সূচি ঘোষণার পর যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।


