বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার বগুড়া বিমানবন্দর পরিদর্শনের সময় এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ও এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম তার সঙ্গে ছিলেন।
মন্ত্রী বলেন, সরকার উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়া বিমানবন্দরকে সম্প্রসারণের মাধ্যমে পাইলট ট্রেনিং একাডেমি ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে। উত্তরাঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বগুড়াকে দেশের অন্যতম এভিয়েশন হাবে রূপান্তর করা হবে।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বগুড়া বিমানবন্দরে সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে তৈরি করা হবে। ফলে দেশীয় উড়োজাহাজের পাশাপাশি এখানে আন্তর্জাতিক উড়োজাহাজও অবতরণ করতে পারবে। এছাড়াও এই বিমানবন্দরে কার্গো সুবিধা স্থাপন করা হবে, যা উত্তরাঞ্চলের কৃষিপণ্য, শিল্পপণ্য ও রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


