জামালপুর শহরের বোষপাড়াতে রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছে, কে বা কারা ওই নবজাতকের মরদেহ রাস্তার পাশের জঙ্গলে ঘেরা একটি ডোবায় ফেলে যায়। পরে শিয়াল বা কুকুর মরদেহটি ডোবা থেকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে বলে ধারণা করছেন তারা।
ওই পথে যাওয়ার সময় এক পথচারী মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


