স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেল এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
তৌফিকুর জানান, প্রধানমন্ত্রী তাকে নামগুলো পরিবর্তন করার জন্য জানিয়েছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে দাপ্তরিক চিঠি আসতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘হয়তো চিঠি আসবে। তবে উনি বলেছেন, তাই আমরা শুরু করব। মৌখিক নির্দেশনা পেয়েছি।’
জেলা প্রশাসক আরও জানান, নাম পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে নতুন করে গণশুনানি করা হবে। তিনি বলেন, ‘ইউএনও সাহেব আবার গণশুনানি করবেন। যেখানে যেখানে নাম পরিবর্তনের বিষয় আছে, সেই ইউনিয়নগুলোতে নতুন করে তারিখ দেওয়া হবে। ওই তারিখে সবাই উপস্থিত হবেন। গণশুনানির মাধ্যমে যে নাম উঠে আসবে, সেটাই হয়তো করা হবে।’
গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের সই করা প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের মাধ্যমে চারটি নতুন ইউনিয়ন গঠনের কথা জানানো হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলায় নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ী’।
অন্যদিকে নবগঠিত মোকামতলা উপজেলায় তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। এই চারটি নতুন ইউনিয়নের মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত–এই তিনটির নাম নিয়ে মূলত বিতর্ক তৈরি হয়।
অভিযোগ ওঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম ‘মীরবাড়ী’। এ ছাড়া, তার বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল রেখে নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে।
নামকরণের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয় এবং পরবর্তীতে বিষয়টি জাতীয় সংসদেও তোলা হয়।
প্রতিমন্ত্রীর ‘কাকতালীয়’ দাবি
জাতীয় সংসদে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে স্থানীয় মানুষের মতামত নিয়ে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছেন।
প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকা গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে এবং অন্য এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ‘দিগন্ত’ নাম দেওয়া হয়েছে। তার দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নাম মিলে যাওয়াকে তিনি সম্পূর্ণ ‘কাকতালীয়’ বলে দাবি করেন।


