বগুড়ায় নিজ শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত আব্দুল খালেক শেরপুর উপজেলার বাগড়া বস্তি এলাকার বাসিন্দা।
রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া শিশু দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আসগর।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ অক্টোবর ভোর সাড়ে ৪টার দিকে দন্ডপ্রাপ্ত ব্যাক্তি তার শিশুকন্যাকে ধর্ষণ করেন। ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেন তিনি।
শিশুটির আচরণে পরিবর্তন দেখা দিলে বাড়ির কাজ ঠিকমতো না করার অভিযোগে তার সৎ মা তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে শিশুটি তার সৎ মাকে ধর্ষণের বিষয়টি জানায়। তবে স্বামীর বিরুদ্ধে শিশুটির অভিযোগ বিশ্বাস না করে সৎ মা তার ওপর নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেন।
নির্যাতন থেকে বাঁচতে শিশুটি তার দুই সহপাঠীকে বিষয়টি জানায়। তাদের কাছ থেকে ঘটনা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৩১ অক্টোবর শিশুটির মা ও আসামির দ্বিতীয় স্ত্রী শেরপুর থানায় মামলা করেন।
মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মামলার পর থেকে শিশুটি বর্তমানে তার সৎ মায়ের হেফাজতে রয়েছে।


