বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ বাঁচাতে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ সহযোগিতা চেয়েছেন এক ব্যক্তি। বুধবার গাজীপুর সদর থানাধীন কড্ডা এলাকার নির্মাণাধীন একটি পাওয়ার-প্ল্যান্টে এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, কামরুল নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তার এক বন্ধু বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে আছে। তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন বলে জানান। তবে তার আঘাত গুরুতর নয় জানিয়ে তিনি দ্রুত ৯৯৯ নম্বরে সহযোগিতা চান।
ঘটনাসূত্রে জানা যায়, কলার এবং তার একজন সহযোগী জিহাদ (১৮) দুইজন মিলে বিদ্যুতের তার চুরি করতে যান। জিহাদ বিদ্যুৎস্পৃষ্ট এবং অগ্নিদগ্ধ হয়ে মাটিতে পড়ে যান।
৯৯৯ তাৎক্ষনিকভাবে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানায়। কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল হিমানীশ বড়ুয়া এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিসের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে গাজীপুর চৌরাস্তার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে গাজীপুর শহিদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি করে।


