ফরিদপুর শহরের খুশিরবাজার এলাকায় এক ভয়াবহ ও মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতে নিজ বাসভবনে দাদি, ফুপু ও এক প্রতিবেশীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে আকাশ নামের এক যুবক।
ঘটনার পর থেকেই অভিযুক্ত আকাশ পলাতক রয়েছেন। নিহতরা হলেন ঘাতকের দাদি রেহানা বেগম, ফুপু আমেনা বেগম এবং প্রতিবেশী রাকিব চৌধুরী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকাশ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ গ্রহণ করতেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি নিয়মিত ওষুধ পাচ্ছিলেন না বলে জানা গেছে। ঘটনার রাতে আকাশের মা ও বোন বাড়িতে না থাকায় তিনি ধারালো অস্ত্র দিয়ে এই হত্যাকাণ্ড ঘটান বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুর কোতোয়ালি থানার এসআই রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও নিশ্চিত করেন, নিহতদের মধ্যে দুইজন ঘাতকের দাদি ও ফুপু এবং অন্যজন তাদের প্রতিবেশী।
এদিকে, কোতোয়ালি থানার এসআই সিরাজ জানান, আকাশ পূর্বে ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকার বক্ষব্যাধি হাসপাতালে কর্মরত ছিলেন। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পলাতক আকাশকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।


