জামালপুরের মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন শাখাওয়াত, সোহেল, আল আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও ফয়জুর। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, সুমন, রিফাত ও মোস্তফা।
মামলার এজাহার অনুযায়ী, ২০১৬ সালের ১৬ মে রাতে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন গজারিয়া গ্রামের মহর আলী ও তার ভাতিজা স্বপন। শাখাওয়াত ও সোহেল গান গাওয়ার কথা বলে তাদের ডেকে নেন। এরপর তারা আর বাড়ি ফেরেননি।
পরিবার মাদারগঞ্জ থানায় জিডি করে। ১৯ মে স্থানীয় ভানু ফকিরের পাটখেতে তাদের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। স্বজনরা পোশাক দেখে মরদেহ শনাক্ত করেন। এজাহারে বলা হয়, আসামিরা অ্যাসিড দিয়ে তাদের মুখমণ্ডল বিকৃত করে মরদেহ ফেলে যায়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি প্রভাবশালী গোষ্ঠী তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। ১৯ মে ২২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করা হয়।
তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ।


