বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩

বগুড়ায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস থেকে আহতদের উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ার শেরপুর উপজেলায় একটি মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে তিন যাত্রী নিহত হয়েছেন। এতে দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ৯ জন।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিউলী বেগম (৪৮), তায়েবা খাতুন (৩৫) এবং মাইক্রোবাসের চালক রিন্টু (৪৭)।

আহতরা হলেন—শিশু ফাতেমা (১০), শহিদুল (৪০), তৌছিব (৩০), তাসমিয়া (২০), হেলেনা (৬০), তারিকুল (৩৬), ফাতেমা (২), আরহাম (৭) ও হামিম (৩০)।

স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, ঈদের ছুটিতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই একটি মাইক্রোবাস উত্তরবঙ্গের উদ্দেশে যাচ্ছিল। ছোনকা এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে আগুন ধরে যায়।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের তীব্রতা এত বেশি ছিল যে যাত্রীদের অনেকেই গাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাননি। ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক রিন্টু আগুনে পুড়ে মারা যান।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রোকন উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। এতে নিহতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর