পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাবরের মতোই বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। এবারের ঈদে তারা প্রকাশ করতে যাচ্ছে জনপ্রিয় শিল্পীদের বেশ কয়েকটি অডিও–ভিডিও গান, পাশাপাশি দুটি নাটক ও একটি চলচ্চিত্র।
বর্তমান সময়ে নাটকের বাজার কিছুটা মন্দা থাকলেও লেজার ভিশন সীমিত পরিসরে নতুন গান ও ভিডিও নির্মাণ অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটির আশা, এবারের আয়োজন শ্রোতা-দর্শকদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।
ভিডিও গানের তালিকায় রয়েছে ‘তোমারই টানে’, যেখানে কণ্ঠ দিয়েছেন প্রত্যয় খান ও সেনিজ; গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। ‘অভিনয়’ শিরোনামের গানটি গেয়েছেন শামস ভাই, গীতিকার ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন রেজোয়ান শেখের। ‘কাছাকাছি’ গেয়েছেন সাখাওয়াত হোসেন ও মাশরাত মুস্তারি তাহিয়া; পার্থ সরকার লিখেছেন ও সুর করেছেন গানটি, সংগীত করেছে এ স্টুডিও এবং ভিডিও নির্মাণও করেছেন পার্থ সরকার।
এছাড়া রয়েছে ‘একি প্রেম’, যেখানে কণ্ঠ, সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান এবং কথা লিখেছেন এ কে এম মোস্তাফিজুর রহমান; ভিডিও নির্মাণ করেছেন কাজী বাহাদুর হিমু।
‘বড় ভালোবাসি’ গেয়েছেন মাহমুদ সানি ও পূজা; গীতিকার ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন মাহমুদ সানির। ‘ফিলিংসগুলো কবর দিছি’ শিরোনামে দুটি সংস্করণও থাকছে—একটি গেয়েছেন সামিয়া চৌধুরী, যার কথা, সুর ও সংগীত করেছেন ইয়াসিন হোসেন নিরু; অন্যটি গেয়েছেন কাজী শুভ, গীতিকার ফয়সাল রাব্বিকীন এবং সংগীতায়োজন আহমেদ সজীব।
নাটকের মধ্যে রয়েছে ‘এই শহরে’, যা লিখেছেন ও পরিচালনা করেছেন পার্থ সরকার। এতে অভিনয় করেছেন খায়রুল বাশার, সাদনীমা বিনতে নোমান, অনামিকা সরকার ও পার্থ সরকারসহ আরও অনেকে। অন্য নাটক ‘বায়ান্ন পাতার প্রেম’ লিখেছেন নাজ নাজমা এবং পরিচালনা করেছেন কাজী বাহাদুর হিমু। এতে অভিনয় করেছেন সাদ নাওবি, মারিয়া শান্ত, দীপা খন্দকার, রওনক হাসান ও মেহেরিন জাহানসহ আরও অনেকে।
এছাড়া ঈদ আয়োজনের অংশ হিসেবে থাকছে চলচ্চিত্র ‘তুখোড়’। মাহমুদুল হক রাজীবের কাহিনিতে ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। এতে অভিনয় করেছেন শিবলী নওমান, রাতাশ্রী দত্ত, সামিহা খান, আলীরাজ, সাদিয়া সোমা, বাপ্পারাজ, শিমুল খান, রহমত উল্লাহ, টুটুল চৌধুরী ও রাশেদ মামুন অপুসহ আরও অনেকে।


