উত্তর-পূর্ব ফ্রান্সের তুম্বলেন শহরে স্কাইডাইভারদের বহনকারী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার বেলা ১১টায় এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে।
মুর্তে-এ-মোজেল অঞ্চলের প্রশাসনিক প্রধান ইভস সেগি দুর্ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় পাইলট এবং ১০ যাত্রীর সবাই মারা গেছেন। নিহত যাত্রীদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী ও পাঁচজন প্রশিক্ষক ছিলেন।
দুর্ঘটনার পরপর জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধারকাজ শুরু করেছে। এ ছাড়া, দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।
উদ্ধারকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে দুর্ঘটনাস্থলে নির্বিঘ্নে পৌঁছাতে পারে, সে জন্য তুম্বলেন বিমানবন্দরের আশপাশের এলাকা এড়িয়ে চলতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী লুঁহ নুনিয়েজ দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।


