সৌদি আরবের রাস তানুরা অঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ এই তথ্য জানিয়েছে।
এসপিএ জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর সেটিতে থাকা ১৪ আরোহীর সবাই প্রাণ হারান। দুর্ঘটনার কারণ জানতে দেশটির কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
উপসাগরীয় এলাকার রাস তানুরা টার্মিনাল থেকে প্রায় চার মাস অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ ছিল। গত শুক্রবার আরামকো সেখানে আবার তেল সরবরাহ শুরু করে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল ও গ্যাসের উৎপাদন এবং রপ্তানি বাড়িয়েছে। এর ধারাবাহিকতায় শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবও তেলের চালান পাঠানোর প্রক্রিয়া জোরদার করেছে।


