হামে শিশুমৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামের টিকা যথাসময়ে আমদানি না করার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করেছে আদালত।
সোমবার ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে এ মামলার আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আবেদনটি আদেশের জন্য অপেক্ষমাণ রাখে। পরবর্তীতে মামলাটির আবেদন খারিজ করে আদালত।
বাদীপক্ষের আইনজীবী মো. সালাউদ্দিন লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মামলাটি দায়ের করেছিলাম ৪২০/৪০৮/৩০৪/৩৪ ধারায়। বিজ্ঞ আদালত ৪০৯ ধারাটি দুদক সম্পর্কিত ধারা বিবেচনায় খারিজ করেছেন। আমরা অন্য ধারার অধীনে মামলাটি নিতে আবেদন জানিয়েছিলাম। আদালত বলেছেন, আদেশে বিস্তারিত উল্লেখ করা হবে। আদেশটি হাতে পেলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব উচ্চ আদালতে যাব কি-না।’
মামলায় আরও যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা হলেন— স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আবু জাফর।


