ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তিনি বলেন, ‘বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের তথ্য ও সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। এজন্য সঠিক তথ্য তুলে ধরতে ফ্যাক্ট চেকিং করে সংবাদ প্রকাশ করতে হবে। অনুমান নির্ভর কোন সংবাদ প্রকাশ কোনোমতেই ঠিক হবে না।’
শুক্রবার রাতে পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পাবনা প্রেসক্লাব দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, এখানকার সাংবাদিকদের পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সারাদেশের জন্য দৃষ্টান্ত হতে পারে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব গড়ে তোলার বিষয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
সরকারের গণমাধ্যমবান্ধব অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা সরকার ইতিবাচকভাবে নিয়েছেন এবং সেসব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে।
সভা সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এর আগে, শুক্রবার সন্ধ্যা ৭টায় তথ্যমন্ত্রী শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাসাস পাবনা জেলা শাখার ব্যবস্থাপনায় আট দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের একটি তালিকাও প্রস্তুত করা হচ্ছে উল্লেখ করেন তিনি।


