ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ফের নগরভবনে অবরোধ সৃষ্টি করেছেন তার সমর্থকরা। দ্বিতীয় দিনে বৃহস্পতিবারও আন্দোলনকারীরা সকালে নগর ভবনের প্রধান ফটকসহ সব প্রবেশপথ অবরুদ্ধ করায় কর্মকর্তা-কর্মচারীরা অফিসে ঢুকতে পারছেন না। ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষও।
‘ঢাকাবাসী’ ব্যানারে বিক্ষোভকারীরা বুধবার থেকে আন্দোলনে নামেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তারা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন জায়গায় বসে স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, আদালতের রায় ও গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় অযথা কালক্ষেপণ করছে।
তারা বলছেন, আদালতের রায়ে সব কিছু স্পষ্ট। গেজেটও প্রকাশ হয়েছে। এরপরও দায়িত্ব না দেওয়া আদালতের প্রতি অসম্মান। এছাড়া মেয়র না থাকায় নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। তাই দ্রুত শপথ করানোর দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
ডিএসসিসির প্রকৌশল কর্মকর্তা রাসেল মাহমুদ সাংবাদিকদের জানান, নগর ভবনের প্রধান ফটক ও প্রবেশপথগুলো অবরুদ্ধ থাকায় কেউ ভেতরে ঢুকতে পারছেন না।
২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ একটি ট্রাইব্যুনাল তার জয় বাতিল করে বিএনপির ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে।
এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। কিন্তু এখনো শপথ না হওয়ায় উত্তেজনা তৈরি হয়েছে।


