ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্ব দেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানিয়েছেন তার (তারেক) উপদেষ্টা হুমায়ুন কবির।
যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি (তারেক) বিএনপির নেতৃত্ব দেবেন আগামী নির্বাচনে।’
‘কবে তারেক রহমান দেশে ফিরবেন’ এমন প্রশ্নের জবাবে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘যেহেতু তিনি দলের নেতৃত্ব দেবেন, সেজন্য তার দেশে আসাটা তো স্বাভাবিক। তিনি সময়মতো আসবেন। দিনক্ষণ নির্ধারণ হলে আপনারা জানতে পারবেন।’
২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। ওই সময় নির্বাচনী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারেক রহমান। এবার তিনিই (তারেক) নির্বাচনে দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন।
বিএনপি প্রতিষ্ঠার পরে ১৯৭৯ সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রথম অংশ নেয়। সেই নির্বাচনে ২০৭ আসন নিয়ে জয়লাভ করেন, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে দলের হাল ধরেন খালেদা জিয়া। তার নেতৃত্বে বিএনপি ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম, ২০০১ সালে অষ্টম এবং ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে অংশ নেয়।
২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পরে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নেয়। এই জোটের নেতৃত্ব দেন কামাল হোসেন।
প্রবাসীদের দাবি-দাওয়া সম্পর্কে এক প্রশ্নে হুমায়ুন কবির বলেন, ‘সরকারের প্রধান উপদেষ্টা ইউএন ন্যাশনাল অ্যাসেম্বলিতে বলেছেন, তার বক্তব্যে বিষয়টা প্রাধান্য পেয়েছে। আমরা বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি প্রবাসীদের দাবি-দাওয়া সমর্থন করেছি যাতে এটা কার্যকর হয়।’
গত ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জেএফকে বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণকারী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা হেনস্তা হওয়ার ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘ডিম ছুড়ে মারার ঘটনা এটাতে দেশের ভাবমূর্তি নষ্ট করে না বরং আওয়ামী লীগের ফ্যাসিস্ট চরিত্র তা আবার প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, ‘এটা সরকারের সমন্বয়ের ত্রুটি, অ্যাম্বেসির সমন্বয়ের ত্রুটি। মূলত যারা ওখানে প্রোটোকলের দায়িত্বে ছিলেন। আমরা এটা ঠিক করেছি।’
নিউইয়র্ক সফর ‘সফল’ হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা হুমায়ুন কবির।


