রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে এক পথচারী নিহত হয়েছে। রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঘটা এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।
তিনি লেখেন,‘ঢাকা মেট্রোরেল ট্র্যাজেডির ভয়াবহতা আমাকে অসাড় করে তোলে এবং সত্যি বলতে বীতশ্রদ্ধ করে। আমরা অবকাঠামো নির্মাণের জন্য ট্যাক্স দিই, যা আমাদের জীবনকে উন্নত করবে-ধ্বংস করবে না। অথচ আমার টাকায় এমন কিছু তৈরি করা হয়েছে, যা এক পরিবারের প্রিয়জনের জীবন কেড়ে নিয়েছে।’
তিনি আরও লেখেন,‘পরিহাসটা খুবই যন্ত্রণাদায়ক- অন্য দেশে আপনি দুর্ঘটনাবশত রেললাইনের ওপর পড়ে যেতে পারেন। কিন্তু এই অভিশপ্ত দেশে রেললাইন ও তার টুকরো আকাশ থেকে আপনার ওপর পড়ে যায়! এটি কোনো সৃষ্টিকর্তার কাজ নয়, এটি গাফিলতির মারাত্মক পরিণতি। অথচ সংশ্লিষ্ট সবাই দাবি করবে, তারা “ভুলভাবে তৈরি করেনি”, “চেক করতে ভুলেনি”, কিংবা “দায় এড়ায়নি”।’
পোস্টের শেষে সিয়াম আহমেদ লেখেন,‘আমাদের শুধু সমবেদনা নয়, এর চেয়ে অনেক বেশি কিছু প্রয়োজন। এই বিশাল ব্যর্থতার জবাব ও জবাবদিহিতা আমাদের দরকার।’


