ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়।
এর মধ্যে ৯ মাস বয়সী আয়ান রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের ছেলে এবং ৩ মাস বয়সী আব্দুল্লাহ ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের ছেলে।
সিভিল সার্জন মাহমুদুল বলেন, এই সময়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৩০ শিশু। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ জন।
হাম প্রতিরোধে হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, অভিভাবকদের আতঙ্কিত না হয়ে দ্রুত শিশুকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। একইসঙ্গে টিকাদান কর্মসূচির আওতায় সব শিশুকে আনতে হবে।
ফরিদপুরে শিশু বিশেষজ্ঞ আব্দুল্লাহ হিস্ সায়াদ বলেন, হামে আক্রান্ত শিশুদের অনেকেই জ্বর, শরীরে লালচে দানা, শ্বাসকষ্ট ও দুর্বলতা নিয়ে হাসপাতালে আসছে। অনেক ক্ষেত্রে দেরিতে হাসপাতালে আনার কারণে জটিলতা বাড়ছে।
এদিকে হামের বিস্তার রোধে জেলা স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে। বিভিন্ন এলাকায় টিকাদান ও প্রচারণা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


