ফরিদপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ

ফরিদপুরে পুকুরে মিলল অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ফরিদপুর শহরের একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে শহরের গোয়ালচামট এলাকার হেলিপোর্ট বাজারসংলগ্ন একটি মসজিদের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ২৬ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন

এদিকে স্থানীয়দের বরাতে জানা গেছে, ওই ব্যক্তি কয়েকদিন ধরে এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাকিব হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার মাধ্যমে একটি পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। ধারণা করা হচ্ছে, মরদেহটি তাদের স্বজনের হতে পারে। যাচাই-বাছাই শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’

ফরিদপুর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর