আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি প্রার্থী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে শুনানি হবে সোমবার।
প্রসিকিউশনের আবেদনের শুনানি করে গত ৩০ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও মো. মোহিতুল হক এনাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দিন ধার্য করে।
এছাড়া আদালত অবমাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে শোকজ নোটিশও জারি করা হয়। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়। সেদিন তাকে তলবও করা হয়।
যার পরিপ্রেক্ষিতে ফজলুর রহমানকে সোমবার আদালতে হাজির হতে হবে।
ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তিনি কিশোরগঞ্জ জেলার মুজিব বাহিনীর প্রধান ছিলেন।
৩০ নভেম্বরের ওই আদেশে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফজলুর রহমানকে আদালতে স্বশরীরে হাজির হয়ে উত্থাপিত অভিযোগের ব্যাখ্যা দিতে বলা হয়। এ সময় তাকে নিজের সব ধরনের একাডেমিক সনদ ও আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাওয়া সনদও নিয়ে আসতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
এরপর অবশ্য অবমাননার অভিযোগে আদালতে নিঃশর্ত ক্ষমা চেয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে লিখিত আবেদন করেছেন ফজলুর রহমান।
এর আগে, ২৬ নভেম্বর ফজলুর রহমানের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আদালত অবমাননার অভিযোগ করে প্রসিকিউশন। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান ট্রাইব্যুনাল ও রায় নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এর সূত্র ধরে ট্রাইব্যুনালে প্রসিকিউশন আদালত অবমাননার অভিযোগ করে।


