ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে আলাদাভাবে ৩০ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৭ জনের বিরুদ্ধে হওয়া আলাদা তিন মামলার রায় দেওয়া হবে বৃহস্পতিবার।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এসব মামলার আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও।
ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে সকালের পর যেকোনো সময় এই রায় দেওয়া হবে।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালামের দাবি, শেখ হাসিনা, জয় ও পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে প্লট জালিয়াতি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। সেকারণে রায়ে সব আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা করছেন।
এর আগে গত রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই তিন মামলায় রায় ঘোষণার জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দেন।
শেখ হাসিনা তিনটি মামলারই আসামি। জয় ও পুতুল আলাদা দুই মামলার আসামি। তারা তিনজনই পলাতক।
রাজউকের সাবেক সদস্য খুরশীদ আলম কারাগারে রয়েছেন।


