কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন।
এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
কারচুপির অভিযোগ এনে জসিম উদ্দিন বলেন, বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছিনতাই হয়েছে, তার নেতাকর্মীদের মারধর করা হয়েছে। অনেককে রক্তাক্ত করা হয়েছে এবং কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে।
গণঅধিকার পরিষদের এ প্রার্থী আরও দাবি করেন, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে এবং ‘নিজেরা নিজেরা ভোট কাটছে’ বলে অভিযোগ তোলেন তিনি। এমন পরিস্থিতিতে জনগণের সার্বিক দিক বিবেচনা করে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বলে জানান জসিম উদ্দিন।
এর আগে, কুমিল্লা-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. আ. জসিম উদ্দিনকে সমর্থন দেয় বিএনপি। ঋণখেলাপির অভিযোগে ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলে দলটি কার্যত প্রার্থীশূন্য হয়ে পড়ে।
পরে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীরা তার পক্ষে মাঠে নামেন। এ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসনাত আবদুল্লাহ।


