দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে কোনো আইনি বাধা নেই। তবুও কেবল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে প্রোপাগান্ডা তৈরির জন্যই শাপলা প্রতীক নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এমন অভিযোগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক শাকিল আহমেদ।
শনিবার মেহেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন তিনি। শাপলা প্রতীক না পেলে বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই নেতা।

শাকিল আহমেদ বলেন, ‘দেশে নির্বাচনি হাওয়া বইছে। কিন্তু এই সরকার একটি দলের পক্ষে পক্ষপাতীত্বমূলক নির্বাচন কমিশন গঠন করেছে।’
এ সময় বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের আলোকে নির্বাচনের দাবি জানান তিনি।
অনুষ্ঠানের ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক বিষয়ে নিজ জেলাকে এগিয়ে নিতে ১৩ দফা পরিকল্পনা উপস্থাপন করেন শাকিল আহমেদ। এতে শিক্ষা, সংস্কৃতি, কৃষি, মাদক, বেকারত্ব এবং শিল্পসহ নানা বিষয়ে সমাধানের লক্ষ্যে এনসিপি কাজ করবে বলেও আশ্বস্ত করেন শাকিল।
অনুষ্ঠানে এনসিপির মেহেরপুর জেলার যুগ্ম সমন্বয়ক আশিক রাব্বি, জাতীয় যুব শক্তি মেহেরপুর জেলার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম, জেলা এনসিপির সদস্য তামিম ইসলামসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন ।


