প্রায় ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে ঢাকার বিজয় সরণি মোড়ের কলমি লতা বাজারের আগুন। দুই তলা মার্কেট ভবনটির নিচতলায় মঙ্গলবার সকাল ৫টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে।
পরে ফায়ার সার্ভিসের তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এই আগুনের ঘটনায় এখন অবধি কোন আহত বা নিহত নেই বলে টাইমসকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কোন হতাহতের খবর আমরা পাইনি। পুড়ে যাওয়া দোকানের অধিকাংশই টিভি ফ্রিজ সার্ভিসিং এর দোকান।’
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস সূত্র।


