দেশের ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে ‘মিড ডে মিল’ বা ‘দুপুরের খাবার’ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, রোববার সচিবালয়ে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, ‘আমরা ডিপিপি তৈরি করেছি। সেটি আগের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) রিপোর্ট অনুযায়ী তৈরি হরা হয়েছে। এরপর প্রক্রিয়া মেনে আমরা এটি একনেকে উপস্থাপন করা হয়, তখন নতুন পরিসংখ্যান বের হয়। এ সময় আমাদের বলা হয়, এই নতুন পরিসংখ্যান অনুযায়ী করতে। তবে, একটা জেলার মধ্যে কোন অঞ্চলগুলো বেশি দরিদ্র, সেটি তো পরিবর্তন হয়েছে। নতুন করে আবার এটিকে ঠিক করে পাস করাতে হয়েছে। এজন্য কিছুটা বিলম্ব হয়েছে।’
এ কাজে প্রকিউরমেন্টে প্রক্রিয়া, ট্রেনিংয়ের বিষয়গুলো চালু আছে। আশা করি, সেপ্টেম্বরের শেষে ও অক্টোবরের শুরুতে দেশের ১৫০টি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করতে পারব। এ মিলে থাকবে ডিম, মৌসুমি ফল, বিস্কুট, দুধসহ পাঁচ ধরনের খাবার, যোগ করেন তিনি।
এর আগে, চলতি বছরের জানুয়ারির মধ্যে দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল।


