আদালতে বিচারকের সামনে সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের উপর করা হামলা ও মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছেন সাধারণ গণমাধ্যমকর্মীরা। মানববন্ধনে হামলাকারী আইনজীবী মহিউদ্দিন মাহির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধ আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টিভির সাংবাদিক সিয়াম। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ৩০ নাম্বার আদালতে বিচারক হাসিবুল্লাহ পিয়াস এজলাসে উপস্থিত থাকার সময়ে তাকে কিল, ঘুষি, লাথি মারেন কয়েকজন আইনজীবী।
সেই হামলার প্রতিবাদে রোববার সকালে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে গণমাধ্যমকর্মীরা জানান, আদালতে বিচারক হাসিবুল্লাহ পিয়াস এজলাসে উপস্থিত থাকা অবস্থায় সাংবাদিক সিয়ামের উপর হামলা চালানো হয়েছে। সাংবাদিকদের মারলে কোনো বিচার হয় না। এভাবে চলতে থাকলে সাংবাদিকদের নিরাপত্তা বলে কিছুই থাকবে না।
তারা বলেন, এটি সারা বিশ্বে মনে হয় একমাত্র ঘটনা যেখানে এজলাসে বিচারকের সামনে সংবাদকর্মীকে পেটান আইনজীবীরা। এভাবে আইনজীবীর নামে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের সনদ বাতিলের দাবিও জানানো হয় মানববন্ধন থেকে।
এ ঘটনা শুধু বিচার বিভাগের স্বাধীনতাকে ক্ষুন্ন করেনি, স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় তৈরি করেছে বলে মনে করেন সাংবাদিকরা।


