আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের অভ্যন্তরীণ বিরোধ বিচারকাজে প্রভাব ফেলবে না বলে মনে করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেন, ‘নিজেদের কোনো বিভেদ-দ্বন্দ্ব বা সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না। ট্রাইব্যুনালের বিচারকাজ চলবে, থমকে যাওয়ার কোনো আশঙ্কা নেই ‘
বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া চিফ প্রসিকিউটর।
সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের বিরুদ্ধে দুর্নীতি ও বিচারপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ।
তথ্য পাচার, আচরণবিধি ভঙ্গ করা, নিরাপত্তা প্রহরীকে মারধরসহ বিভিন্ন অভিযোগে প্রসিকিউটর সুলতান মাহমুদকে অপসারণ করতে গত মাসে আইন উপদেষ্টাকে তাজুল ইসলামের অনুরোধের বিষয়টি এরই মধ্যে সামনে আসে। এ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা।
এ বিষয়টি নিয়েই চিফ প্রসিকিউটরকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা।
জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘প্রসিকিউটরদের মধ্যে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না।’
‘কোনো অপরাধী পার পেয়ে যাবে এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা।’
একটি পরিবারের সদস্যদের ভেতরও অনেক সমস্যা হয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, ‘তাই বলে কি পরিবার চলে না? ট্রাইব্যুনালে যারা কাজ করেন, তারা একটি পরিবারের সদস্য। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এতে বিচার কাজে প্রভাব পড়বে না।’


