রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সকালে তখনও রোদ অতটা চড়ে বসেনি মাথার ওপর। তবে বৃহস্পতিবার নাহিদ রানা আর শরীফুল ইসলামের বোলিং আগুনে ঠিকই পুড়েছে সাউথ জোন। ১২তম বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে নর্থ জোনের এই দুই পেসারের তোপে ধসে পড়ে নুরুল হাসান সোহানের সাউথ জোন। ১৪৪ রানে অল আউট হয়ে ম্যাচ হেরেছে ৬ উইকেটের ব্যবধানে। লিটন দাসের ফিফটিতে ১৪৬ বল হাতে রেখে টানা দ্বিতীয় ম্যাচ জিতল নর্থ জোন।
৭-০-৪৭-৩ বোলিং ফিগারে ম্যাচ সেরা হয়েছেন নাহিদ। তার এই আগুনে স্পেলে পাওয়া জয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল নর্থ জোন। শেষ ম্যাচ সেন্ট্রাল জোনের বিপক্ষে বড় ব্যবধানে না হারলেই ফাইনাল নিশ্চিত তাদের।
টসে হেরে ব্যাট করতে নেমে নাহিদ আর শরীফুলের তোপে প্রথম চার ওভারের মধ্যেই শীর্ষ চার ব্যাটারকে হারায় সাউথ জোন। ১৯ রানে চার উইকেট হারানো দল ঘুরে দাঁড়াতে চেষ্টা করে মোহাম্মদ মিঠুন আর সোহান। যদিও সেই নাহিদের আঘাতেই ভাঙে ৫০ রানের জুটি। এই ডানহাতি পেসারের বলে বোল্ড হন সোহান।
মিঠুনের ৫৫* রানের সাথে রবিউলের ২৯ রানের ইনিংসে ১৪০ পেরোনো সংগ্রহ পায় সাউথ জোন। তবে শেষদিকে মেহেরব হোসেনের তিন উইকেট শিকারে ১৫০ রানও ছুঁতে পারেনি সাউথ জোন।
যদিও রান তাড়ায় নেমে মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে পড়ে নর্থ জোন। প্রথম ওভারে চারটি চারে ১৭ রান দিলেও ঠিকই ঘুরে দাঁড়ান এই বাঁহাতি পেসার। দ্বিতীয় ওভারে ফিরেই তিন বলের মধ্যে নেন হাবিবুর সোহান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। তৃতীয় ওভারে পান তানজিদ তামিমের উইকেটও। অবশ্য সেখানেই শেষ। এরপর লিটন দাস-তাওহিদ হৃদয়ের ৮০ রানের জুটিতে সহজ জয় পায় নর্থ জোন। হৃদয় ৩৩ রান করে আউট হলেও ৫৫* রান করে দলকে জেতান লিটন।


