প্রবাসীদের জন্য সহজ হচ্ছে পাসপোর্ট সেবা

প্রবাসীদের জন্য সহজ হচ্ছে পাসপোর্ট সেবা
ফাইল ফটো
Advertisement
Advertisement

বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। একই সঙ্গে অভিবাসী কর্মী ও প্রবাসীদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজ করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার বিকালে জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট সেবা আরও সহজলভ্য করতে সরকার ইতোমধ্যে বেশ কয়েকটি কার্যক্রম হাতে নিয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের আবেদন সহজ করতে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিটের (এমইকে) মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্ট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাসপোর্ট দ্রুত পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠাচ্ছে বলেও তিনি জানান।

এ ছাড়া প্রবাসীদের পাসপোর্ট সংগ্রহ আরও সহজ করতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে বাসায় পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ১৮ বছর বা তার বেশি বয়সী সব বাংলাদেশি নাগরিকের জন্য ১০ বছর মেয়াদি পাসপোর্ট ইস্যুর ব্যবস্থা ইতোমধ্যে করা হয়েছে।

তিনি জানান, ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad