প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসর গ্রহণের আগে বিদায়ী অভিভাষণ দেবেন বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। দেশের জেলা আদলাতসগুলোতে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে আগামী ১৪ ডিসেম্বর বিকালে প্রধান বিচারপতি এ অভিভাষণ দেবেন।
এ উপলক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট মিলনায়তনে গুরুত্বপূর্ণ অধিবেশনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, বিচার বিভাগের সংস্কার ও সার্বিক উন্নয়নে প্রধান বিচারপতি যে রোডম্যাপ ঘোষণা করেছিলেন, বাস্তবায়নে গত দেড় বছরে গৃহীত সংস্কার কার্যক্রম এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিষয়ে বিদায়ী অভিভাষণে আলোকপাত করবেন। বিশেষ করে, চলমান বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রম তথা প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, বিচারবিভাগীয় কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আদালতের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ, অধস্তন আদালতের বিচারকগণের দক্ষতা বৃদ্ধি, বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তী সহজীকরণ এবং মামলাজট নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
জানা গেছে, ১৪ ডিসেম্বর বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান বিচারপতি দেশের সকল জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থাকবেন।
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি গত বছরের ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেন। সেখানে তিনি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, উচ্চ আদালতে বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়ন, বিচার বিভাগের জন্য পৃথক আদালত প্রতিষ্ঠা, বিচার বিভাগে দুর্নীতি প্রতিরোধসহ বিভিন্ন সংস্কারের রূপরেখা তুলে ধরেন। তার ঘোষিত সেই রোডম্যাপ রূপরেখাকে ঘিরেই গত দেড় বছরে বিচার বিভাগে বিভিন্নমুখী সংস্কার হয়েছে বলে সুপ্রিম কোর্ট প্রশাসন মনে করে।
আগামী ২৭ ডিসেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবসরে যাবেন। অবসরে যাওয়ার পূর্বে দেশের বিচারবিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে এটিই হবে তার সর্বশেষ অভিভাষণ।


