যশোরে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তড়িঘড়ি করে দায়সারাভাবে সড়ক সংস্কারের অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে ইটের সলিংয়ের ওপর পিচ ঢালাই ও সংস্কার কাজ করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, আগামী ২৭ এপ্রিল যশোরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি শার্শায় উলাশী খাল পুনঃখনন, যশোর মেডিকেল কলেজে ৫০০ শয্যা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে কেন্দ্রীয় ঈদগাহে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তৃতা দেবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোরে কয়েকটি সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে সড়ক বিভাগ। যশোরে প্রধানমন্ত্রী এসব সড়ক দিয়ে যাতায়াত করার কথা রয়েছে।
তবে অভিযোগ উঠেছে, দীর্ঘদিন যাবত এসব সড়ক ভঙ্গুর অবস্থায় পড়ে থাকলেও সংস্কার কিংবা পুনঃনির্মাণের কাজ করা হয়নি। এখন তড়িঘড়ি করে সংস্কার কাজ শুরু করেছে সড়ক বিভাগ।
শহরের শংকরপুরে অবস্থিত মেডিকেল কলেজ হাসপাতালের সংযোগ সড়কটি দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় পড়ে ছিল। তবে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাতের আঁধারে সলিংয়ের ওপর পিচ ঢালাই ও সংস্কার কাজ করছে সড়ক বিভাগ। স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারে বারবার আবেদন করেও কাজ হয়নি। এখন প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দায়সারা সংস্কার কাজ করা হচ্ছে।
আব্দুর রহমান নামে স্থানীয় একজন বাসিন্দা জানান, এই সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে বলে আসছে। কিন্তু কোনো আবেদন-নিবেদনে কর্ণপাত করেনি সড়ক বিভাগ। এখন ইটের সলিংয়ের ওপর পিচ ঢালাই করা হচ্ছে যা কয়েক দিনের বেশি টিকবে না। মাঝখান থেকে রাষ্ট্রের কিছু টাকা গচ্চা যাবে।
আজিজুল হক নামে আরেকজন বলেন, প্রধানমন্ত্রী আসছেন বলে নামকাওয়াস্তে সংস্কার করা হচ্ছে। কিন্তু এই সড়ক স্থানীয়দের কোনো কাজে আসবে না। টানা কয়েকদিন বৃষ্টি হলে আবার আগের মতোই হয়ে যাবে।
এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সড়ক সংস্কারের কথা ঠিক নয়। বরং নিয়মিত কাজের অংশ হিসেবে কিছু সড়ক সংস্কার করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেড় কিলোমিটার সলিংয়ের ওপর পিচ ঢালাই পরিকল্পিতভাবেই করা হচ্ছে। কাজের মান নিয়ে কোনো সমস্যা নেই জানিয়ে তিনি দাবি করেন, এই সংস্কার দীর্ঘস্থায়ী হবে।


