প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি: মালামালসহ গ্রেপ্তার ২

প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি: মালামালসহ গ্রেপ্তার ২
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

সচিবালয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। একইসঙ্গে তাদের কাছ থেকে চুরি হওয়া ৮ কেজি ২০০ গ্রাম তামার তার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্র (২৬) এবং ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলাম (৩২)।

সিটিটিসি সূত্রে জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির এই স্পর্শকাতর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এ ঘটনায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) কর্তৃপক্ষ বাদী হয়ে শাহবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করে।

ঘটনার গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ ছায়া তদন্ত শুরু করে। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সচিবালয় এলাকা থেকে রঞ্জন চন্দ্রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন

জিজ্ঞাসাবাদে রঞ্জন চন্দ্র স্বীকার করেন, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তামার তার চুরি করেন। পরবর্তীতে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম ওজনের ওই তার বিক্রি করে দেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিটিটিসির একটি দল অভিযান চালিয়ে একুশে হল সংলগ্ন ভাঙারি দোকান থেকে রেজাকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে চকবাজার থানার হোসেনী দালান রোড এলাকার একটি ভাঙারি গুদামে অভিযান চালিয়ে চুরি যাওয়া সম্পূর্ণ তামার তার উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির পেছনে একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। এই চক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সিটিটিসির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad