কক্সবাজারে মাটিচাপায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারে মাটিচাপায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার শহরে নির্মাণাধীন একটি কালভার্টের কাজ করার সময় মাটিধসে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শ্রমিক।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন মো. ইলিয়াছ ও রাকিব। প্রাথমিকভাবে জানা গেছে, তাদের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

নির্মাণকাজের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুর রহমান মজুমদার জানান, সকালে দরিয়ানগর এলাকায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের বিশেষায়িত আউটার ক্যাম্পাস ও গবেষণা কেন্দ্রে যাওয়ার সড়কের একটি কালভার্ট নির্মাণকাজ চলছিল।

আরও পড়ুন

তিনি বলেন, কালভার্টের বেইজ কাটার সময় হঠাৎ মাটি ধসে পড়ে। এতে তিন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। পরে ঘটনাস্থলে থাকা অন্য শ্রমিকরা দ্রুত মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন এবং কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ইলিয়াছ ও রাকিবকে মৃত ঘোষণা করেন। আহত অপর শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হিমেল রায় বলেন, নিহতরা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কালভার্ট নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। কাজ করার সময় মাটিচাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ ও নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর