বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) শক্তিশালী করার বিষয়ে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান জানিয়েছে নয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার জোট।
তাদের মতে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে একটি স্বাধীন ও ক্ষমতাসম্পন্ন কমিশন অত্যন্ত জরুরি।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক যৌথ চিঠিতে সংস্থাগুলো তার সরকারের দেওয়া অঙ্গীকার এবং এর আগে দায়িত্ব পালন করা অন্তর্বর্তী প্রশাসনের মানবাধিকার সুরক্ষা জোরদারের উদ্যোগকে স্বাগত জানান। তারা উল্লেখ করেন, আগে গঠন করা বিভিন্ন কমিশন গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। তবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং অধিকার সুরক্ষায় একটি শক্তিশালী মানবাধিকার কমিশন অপরিহার্য।
চিঠিতে বলা হয়েছে, দেশে এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। এর মধ্যে রয়েছে খেয়ালখুশিমতো আটক, মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ, সংখ্যালঘুদের প্রতি গণপিটুনি বা সহিংসতা এবং পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ।
এ ছাড়া কক্সবাজার ও ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মানবিক সহায়তা কমে যাওয়ার মধ্যে তারা জীবিকা ও শিক্ষার সীমিত সুযোগের মুখে রয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
সংস্থাগুলো প্রধানমন্ত্রীকে তার দায়িত্বকালকে সংস্কার ও জবাবদিহির একটি দৃষ্টান্ত স্থাপনের সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছে। তাদের মতে, বাংলাদেশের সব মানুষের অধিকার সুরক্ষায় একটি শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যৌথ এই আহ্বানে সই করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল ১৯, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে), সিভিকাস, এফআইডিএইচ, ফোর্টিফাই রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট ও এথেল কেনেডি হিউম্যান রাইটস সেন্টার এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট।


