হিন্দু নেতাদের বিভিন্ন দাবি, পূরণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

হিন্দু নেতাদের বিভিন্ন দাবি, পূরণের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দল। ছবি : পিএমও
Advertisement
Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা। সাক্ষাৎকালে নেতারা দেশের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের ও দাবি পূরণের আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার। হিন্দু সম্প্রদায়ের পক্ষে অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পালসহ অন্যান্য নেতারা।

বৈঠকের পর মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। তিনি আমাদের সমস্যাগুলো শুনেছেন এবং সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

তিনি বলেন, ‘২৪ সালের ৫ আগস্টের পর আমাদের ওপর যেসব নিপীড়ন-নির্যাতন হয়েছে, আমরা বিচার বঞ্চিত হয়েছি, বিভিন্ন জায়গায় আমাদের লোকজনকে চাকরিচ্যুত করা হয়েছে, এই বিষয়গুলো আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করেছি। আমরা সংখ্যালঘু কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন, হিন্দু ফাউন্ডেশন, দেবোত্তর সম্পত্তি আইন ইত্যাদি বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা বলেন, ‘আমরা বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছি। তিনি আমাদের কথাগুলো শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দিয়েছেন।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad