ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘পরিচ্ছন্নতা দিবস’ হিসেবে ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এই দিবসটি পালিত হবে।
সোমবার নগর ভবনের সম্মেলন কক্ষে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসক এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও গতিশীল করতে ডিএসসিসির নেতৃত্বে সকল সরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সাধারণ নাগরিকরা একযোগে এই কর্মসূচিতে অংশ নেবেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিএসসিসি এলাকার সকল সরকারি দপ্তর, কোয়ার্টার, স্কুল-কলেজ-মাদ্রাসা, রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে নিজস্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। বিশেষ করে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান নিয়ন্ত্রণ, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং মাঠকর্মীদের প্রশিক্ষণে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন প্রশাসক।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান শক্তি। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।’
এ সময় তিনি গণমাধ্যম প্রতিনিধিদের বাণিজ্যিক প্রচারণার পাশাপাশি জনস্বার্থে সচেতনতামূলক বার্তা প্রচারের আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ডিএমপি, বিজিবি, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।


