আসন্ন গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। এই প্রচারে অংশ নিলে তা হবে তাদের জন্য দণ্ডনীয় অপরাধ।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় এ বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে।
সরকারের সব মন্ত্রণালয়-প্রতিষ্ঠান যখন গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে প্রচার চালাচ্ছে, খোদ প্রধান উপদেষ্টাই যখন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বক্তব্য রাখছেন; তখনই নির্বাচন কমিশন থেকে এমন নির্দেশনা এল।
ইসি বলছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাতে পারবেন না। তবে তিনি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।
চিঠিতে বলা হয়, কোনো পক্ষ নিলে তা গণভোট অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২–এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী ‘দণ্ডনীয় অপরাধ’ হবে। সরকারি কর্মচারীরা যেন ভোটকে প্রভাবিত না করেন সে নির্দেশনাও চিঠিতে দেওয়া হয়েছে।
এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে।

