প্রকৃত ভাতাভোগী যাচাই-বাছাইয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে যত ভাতা গ্রহীতা ছিলেন তাদের লিস্ট আমাদের হাতে পৌঁছেছে। এরইমধ্যে তা বাছাইয়ে আমাদের কমিটি গঠন করা হয়েছে।’
বুধবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
বিগত সময় যে ভাতাভোগী ছিল তারা অনেক সময় সঠিক ভাবে ভাতা পাননি এ বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রকৃত বেনিফিশিয়ারির (ভাতাভোগী) কাছে জি টু পি পদ্ধতিতে (গভমেন্ট টু পারসন) যেন ভাতা গুলো সঠিক ব্যক্তির কাছে পৌঁছায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের গ্রহীতাদের বিষয়েও নতুন করে যাচাই শুরু হয়েছে যেন প্রকৃত ভাতা পাওয়ার যোগ্য কেউ বাদ না যান।’
প্রতিমন্ত্রী ফারজানা বলেন, ‘আমরা সব ধরনের সুযোগ সুবিধা যাতে প্রকৃত সুবিধাভোগীর কাছে পৌঁছায় এটাকে নিশ্চিত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এর জন্য আমাদের মন্ত্রণালয় এবং জেলা প্রশাসকদের মধ্যে যে টানেল, তার এপার এবং ওপারের সমন্বয়টা ভালোমতো হলে অবশ্যই এটা কার্যকর হবে।’
সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে দেশের ৮২ শতাংশের বেশি মানুষ নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘মূলত প্রকৃত সুবিধাভোগীদের জীবনমানের উন্নয়ন আমাদের লক্ষ্য। তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দুটো মন্ত্রণালয় মিলে কাজের পরিমাণ অনেক। কাজগুলো সঠিকভাবে সম্পূর্ণ করার বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে।’


